
মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, আদালতের প্রতি সম্মান আছে। তবে স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন আপাতত চলবে। এ সময় এক ঘণ্টা পর আপিল বিভাগের রায়ের ওপর প্রতিক্রিয়া জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এদিন রায়ের সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। সেই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে ৪ সপ্তাহ পর ফের শুনানি হবে।
সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসনে লাগাতার আন্দোলন ও ব্লকেড কর্মসূচি পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এর অংশ হিসেবে সব গ্রেডে ৫ শতাংশ কোটা রাখার দাবি জানিয়ে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব, চানখারপুল, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ পালন করছেন শিক্ষার্থীরা।