
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানেও কোটার কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের তো নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানরাও কোটার বাইরে চলে গেছে। কোটার বিষয়ে আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সরকার সেভাবেই বাস্তবায়ন করবে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে প্রস্তাবিত মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, কোটা সংরক্ষণের প্রয়োজন আছে। তবে অযৌক্তিক কোটাগুলো যৌক্তিক পর্যাযে নিয়ে আসা প্রয়োজন। সেজন্য সরকার কাজ করছে।
কোটা আন্দোলনকারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে মন্ত্রী আরও বলেন, আপনাদের প্রতি সরকারের সহানুভুতি রয়েছে। কিন্তু এই আন্দোলন করে আপনারা নিজেদের পড়ালেখার ক্ষতি করছেন। আপনারা পড়ালেখায় মনোযোগ দিন। সরকারের এই আন্দোলনের প্রতি বিরূপ মনোভাব নেই। বর্তমান সরকার সব দিক বিচার-বিশ্লেষণ করে সামনে এগিয়ে যাবে।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান উপস্থিত ছিলেন।
বিএইচ