শনিবার, ১৮ জুলাই ২০২৬
ইউনেস্কো নিজেদের ভুল বুঝতে পারবে : হাছান মাহমুদ
প্রকাশিত - অক্টোবর ১১, ২০১৬ ৪:৩৪ পিএম


রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে যে জবাব দিয়েছে তাতে ইউনেস্কো আশ্বস্ত হবে এবং তাদের প্রতিবেদনের বিষয়ে ভুল বুঝতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, আমরা আগেই বলেছি ইউনেস্কোর প্রতিবেদন বিজ্ঞান নির্ভর নয় এবং আন্দোলনকারীদের দেয়া ভুল তথ্যের দ্বারা প্রভাবিত।
ড. হাছান মাহমুদ দাবি করেন, লবিং করে ইউনেস্কোর দ্বারা প্রভাবিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আমরা আশা করি বিশ্ব ব্যাংক যেমন লবিংয়ের কারণে প্রভাবিত হয়ে প্রথমে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছে। পরে তাদের ভুল বুঝতে পেরে আবার অর্থায়ন করতে চেয়েছে। তেমনি সরকারের জবাব পেলে ইউনেস্কো তাদের ভুল বুঝতে পারবে।
উদ্বেগ ভালো তবে অতি উদ্বেগ ভালো না মন্তব্য করে তিনি বলেন, নিচ তালায় সুই ফোটে আর আপনারা দো-তালায় থেকে উহ্ করেন সুই ফুটলো কি না? এ উদ্বেগ কিন্তু ভালো না।
হাছান মাহমুদ আরো বলেন, 'রামপালের মানুষ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে না, তারা বিদ্যুৎ চায়, আলো চায়, উন্নত হতে চায়। আর আপনারা ঢাকা বসে আন্দোলন করেন কোন কারণে? লং মার্চ নিয়ে দক্ষিণাঞ্চলে যাবেন? এতে ওই অঞ্চলের মানুষের দ্বারা ধাওয়া খেতে পারেন, তাই সাবধান।'
বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের সভাপতি শাহাদাত হোসেন টোয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক হাসিবুর রহমান মানিক।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.