
পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু মানবাধিকার নিয়ে কথা বললেই হবে না, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং।
এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা ইস্যুতে রিজওয়ানা হাসান বলেন, এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির বক্তব্য দেয়ার অধিকার আছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে এটা তাদের যৌক্তিক দাবি। সরকারও নির্বাচন চায়। তবে সরকার আগে সংস্কার করতে চায়, পাশাপাশি নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।
সম্প্রতি শিল্পকলায় ঘটা অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয়। এমন কাজ সমর্থন করে না সরকার। শিল্পকলায় ঘটে যাওয়া ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়টি শিল্পকলার মহাপরিচালক দেখছেন। সরকার এমন কাজ সমর্থন করে না।
বিএইচ