শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ
প্রকাশিত - নভেম্বর ৭, ২০১৬ ৬:০০ পিএম


স্ত্রী হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ঝিনেরপুর গ্রামের মাসুদ রানা ওরফে ইঞ্জিলকে (৪২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান এ দণ্ডাদেশ দেন।
২০১৪ সালের ৩ মে দুপুরে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী সেলিনা খাতুনকে শিশু কন্যার সামনে গলাকেটে হত্যা করেছিল ইঞ্জিল। এর দুদিন পর হিন্দা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করলে হত্যা স্বীকারোক্তি দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ইঞ্জিল। তার পর থেকেই তিনি জেল হাজতেই ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রী সেলিনা খাতুনকে হত্যা করে ইঞ্জিল। নিহতের মা সাহারবাটি গ্রামের কোহিনুর খাতুন বাদী হয়ে হত্যাকাণ্ডের দিন গাংনী থানায় ইঞ্জিলকে একমাত্র আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ৩১মে মামলা তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার তৎকালীন পরিদর্শক (ওসি-তদন্ত) মোক্তার হোসেন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ২৩ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামি পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.