
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুবকদের আনতে চাই। আর তাই তাদের ভোটার তালিকায় যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দীন বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে কারণ তারা প্রতিবেদন খুব শিগগিরই সরকারে কাছে দিতে চায়। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি না তা জানতে চেয়েছেন তারা। বিভিন্ন বিষয়ে যেটা আমরা মনে করেছি, সেগুলো জানানো হয়েছে তাদের।
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকরা এ নিয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দীন বলেন, ডেলিমেটেশন সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে এ ছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর বিষয়ে কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক আমাদের তা অ্যাড্রেস করতে হবে। তা না হলে আমরা ডেলিমেটেশনটাকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো জানানো হয়েছে।
রাজনৈতিক দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে, এটা কী সম্ভব? প্রধান উপদেষ্টাও বলেছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে, নতুন বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থে করতে হয়, তাহলে পরের বছরের জুন মাস এসে যাবে। আমরা তার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি।
বিএইচ