শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী শুরু
প্রকাশিত - ডিসেম্বর ১, ২০১৬ ৬:০৮ পিএম


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভারত-বাংলাদেশ মৈত্রী কালিকচ্ছ সম্মিলনী।
বৃহস্পতিবার সকালে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।
অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়, ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করসহ ভারতীয় লোকসভা ও রাজ্যসভার তিন সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. সুনীল কুমার তলাপাত্র, ত্রিপুরা হাই কোর্টের সিনিয়র আইনজীবি শংকর কুমার দেব, ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী প্রভাত চন্দ্র সেনসহ বিভিন্ন পর্যায়ের ১৩০ জন সম্মিলনে যোগ দেন। তাদের সবার আদিনিবাস কালীকচ্ছ গ্রামে।
এই প্রীতি সম্মিলনী ২০০৯ সালে প্রথম কলকাতায়, এরপর ২০১০ সালে ত্রিপুরায়, ২০১১ সালে কলীকচ্ছ গ্রামে তৃতীয়বার এবং ২০১৫ সালে চতুর্থবার ত্রিপুরায় অনুষ্ঠিত হয়। আর এবার পঞ্চমবার এই সম্মিলন হচ্ছে কালীকচ্ছ গ্রামে। শুক্রবার দুদিনব্যাপী এ সম্মিলন শেষ হবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.