শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
নাসিক নির্বাচন: তিন নেতাকে দায়িত্ব ভাগ করে দিলেন খালেদা জিয়া
প্রকাশিত - ডিসেম্বর ৪, ২০১৬ ৪:৫৬ পিএম


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও নির্বাচনী কর্মকাণ্ড সমন্বয়ের জন্য নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী প্রচারণা সমন্বয়ের জন্য নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে। বন্দর থানার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালামকে ও সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্ব দেয়া হয়েছে মো. গিয়াস উদ্দিনকে।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে যাবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ তালিকায় থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। আগামী ৬ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে যাবেন।
শনিবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মো. নাসির উদ্দিন, আমান উল্লাহ আমান; চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, তৈমুর আলম খন্দকার, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), আব্দুল কাইয়ুম, সুকোমল বড়ুয়া, সঞ্জীব চৌধুরী, আতাউর রহমান ঢালি; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ার, হারুন অর রশিদ; সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়ও বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিকে দল মনোনীত প্রার্থীর পক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রচার-প্রচারণা চালাতে যাবেন কি না- সে বিষয়টি চূড়ান্ত হয়নি ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.