
মেহেরপুরের গাঙনী উপজেলার বটতলা গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ যুবক নিহত হয়েছেন। নিহতরা চাঁদাবাজ বলে দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটারগান, ২ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মটমুড়া গ্রামের একতা ইটভাটা মালিক খবির উদ্দীনসহ কয়েকটি ইটভাটা মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে অজ্ঞাত চাঁদাবাজরা। আজ ভোরের দিকে একতা ইটভাটায় ২০-২৫ জন অস্ত্রধারী চাঁদাবাজ হানা দিয়ে চাঁদা আদায়ের চেষ্ট করে।
এসময় পুলিশ পৌঁছালে তারা দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে চাঁদাবাজরা পিছু হটলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।