
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বার বার সেনা মোতায়েনের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হবে নিরপেক্ষ ও সুন্দর। এ নির্বাচনে সেনাবাহিনীর কোনো প্রয়োজন হবে না। দেশের সব নিরপেক্ষ সুন্দর নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করাই বিএনপির উদ্যেশ্য। এখন তারা নাসিক নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করতে বার বার সেনা মোতায়েনের দাবি জানাচ্ছে।’
রাজ্জাক বলেন, বিএনপির জন্ম সেনাবাহিনী ছাউনির নিচে। বিএনপি বার বার সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষতমায় যেতে চায়। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। বার বার এই সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চায় তারা। দেশে যখন মহাসঙ্কট তৈরি হবে। সেনাবাহিনী তখনই মাঠে নামবে। তার আগে নয়।
আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর এখতিয়ার সেনাবাহিনীর নেই। ক্ষমতার মালিক দেশের জনগণ। দেশের জনগণ যাদেরকে চাইবে তারাই ক্ষমতায় আসবে।’
রাষ্ট্রপতির প্রতি আস্তা রাখার আহ্বান জানিয়ে রাজ্জাক বলেন, মহামান্য রাষ্ট্রপতি এখন আর কোনো দলের রাজনীতি করেন না। তিনি তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন। দয়া করে আপনারা (বিএনপি) রাষ্ট্রপতির উপর আস্তা রাখুন। আগুন সন্ত্রাস বন্ধ করুন। আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি এনায়েতুল্লাহ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন