শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পাক সীমান্তরক্ষী রুখতে স্নাইপার কিনছে ভারত
প্রকাশিত - ডিসেম্বর ১২, ২০১৬ ১২:০২ পিএম


ভারত-পাক সীমান্তে উত্তেজনা এখনো চরমে। পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারাচ্ছে দু'দেশেরই সীমান্তরক্ষীরা। এই পরিস্থিতিতে পাক সীমান্তরক্ষীদের হঠাতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। সীমান্তে মোতায়েন বাহিনীর জন্য আরও উন্নত স্নাইপার রাইফেল কিনছে দেশটির সেনাবাহিনী।
অনেক দূর থেকেই যাতে পাক সীমান্তরক্ষীদের খতম করা যায় তার জন্য দূরপাল্লার ওইসব স্নাইপার রাইফেল কিনতে যাচ্ছে মোদীর দেশ।
ইকোনোমিকস টাইমসের খবরে দাবি, নতুন রাইফেল বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা ড্রাগুনভ রাইফেলের থেকে ৫০ শতাংশ বেশি এলাকা 'কাভার' করবে।
সূত্রের খবরে প্রকাশ, নতুন রাইফেল কেনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে খোঁজখবর শুরু করেছে ভারত।
ভারতের দাবি, নতুন স্নাইপার রাইফেলের রেঞ্জ হবে অন্তত ১২০০ মিটার, থাকবে ৮.৬ এমএম বুলেট। ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে এই ধরনের ৫ হাজার রাইফেলের প্রয়োজন।
ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, রাইফেলের রেঞ্জই সেনা জওয়ানদের জীবন-মৃত্যুর ফয়সালা করে দিতে পারে। বিশেষ করে, সীমান্ত অঞ্চল ও নিয়ন্ত্রণরেখায় দূরপাল্লার রাইফেলের প্রয়োজন অনেক বেশি।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, গত কয়েক মাসে ভারত-পাক সীমান্তে পাক-স্নাইপাররা তাদের হাতে থাকা দূরপাল্লার রাইফেল দিয়ে ৩ ভারতীয় জওয়ানকে হত্যা করেছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.