
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধু একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানান অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে। সবাইকে খুব সাবধান হতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মতো ভুল করবে না কেউ।
তিনি বলেন, দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।
বিএনপির এই নেতা বলেন, দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এ সময় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মনির হোসেন, লোকমান হোসেন ফকির, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এম জি