শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে : শিক্ষামন্ত্রী
প্রকাশিত - ডিসেম্বর ২৭, ২০১৬ ১২:৩৩ পিএম


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু পড়ালেখাই নয়, ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। এ জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।
সোমবার রাজধানীর মিরপুরে দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় এ মহাবিদ্যালয়টি নির্মিত হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, মিরপুরের এ এলাকায় জনসংখ্যা অনেক বেশি হলেও সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। তাই এখানে একটি সরকারি স্কুল ও একটি সরকারি কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে ৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৬-তলাবিশিষ্ট রুপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একই ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সরকারি কলেজও নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা এবং ঢাকা মহানগরীতে ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি সরকারি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক স্বপন চন্দ্র পাল উপস্থিত ছিলেন। বাসস
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.