
মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক দুই যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ), ডিএমপি এবং এস এম মেহেদি হাসান বিপিএম-বার, পিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ), ডিএমপি , ঢাকা গত ৬ আগস্ট ২০২৪ তারিখে থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।
সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।