
সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি অত্যন্ত দক্ষ এবং স্ট্রেট ফরোয়ার্ড লোক। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। আমি যতটুক ওনাকে চিনি, তিনি অনেক সোজাসাপ্টা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে।
তবে বক্তব্যের ব্যাখ্যা কেবল সেনাপ্রধানই দিতে পারবেন বলে মনে করেন তিনি।
রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নিজেরা হানাহানিতে, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা।
তিনি সবাইকে সতর্ক করে হানাহানি পরিহার করে একসঙ্গে থাকার জন্য আহ্বান জানান।
বিএইচ