
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ৯৫ কোটি টাকা।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
শেখ অ্যাগ্রো ফুডস ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ৯৫ টাকা ৪০ পয়সা।
ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব মসুর ডাল বিক্রি করা হবে।
বিএইচ