
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া অডিট রিপোর্টের তথ্য দেয় না। নানা টালবাহানা করে থাকে। তবে আদালতের নির্দেশনা রয়েছে তথ্য দিতে হবে। যদি নির্বাচন কমিশন তথ্য না দেয় সেটা আইনের লঙ্ঘন হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
তিনি বলেন, অতীতে দেশে আঁতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ২০১৮ সালে দেশে জালিয়াতির নির্বাচন হয়েছে। ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছিল।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন। তাতে অনিয়ম দূর হবে। স্বচ্ছতা আসবে।
বিএইচ