
চার দিনের সরকারি সফরে চলতি মাসের ২৬ তারিখে চীন যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, এ সফরে চায়নার প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বি-পক্ষীয় বৈঠকের সম্ভাবনা আছে। সফরকালে ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, স্বল্পোন্নত (এলডিসি) থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে ২০২৬ সালে গ্র্যাজুয়েশন করবে বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে৷ বিজনেস সক্ষমতা বাড়বে।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার সরকার ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। যেগুলো সৌদিআরব সাহায্য করেছে বলা হলেও, সেটা আসলে নিজেদের টাকা করা হয়েছে।
প্রতিটি মসজিদ নির্মাণে ১৭ কোটি টাকা করে খরচ করা হয়েছে, তবে প্রকৃত অর্থে খরচ হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। তাই ধর্ম মন্ত্রণালয় এটা নিয়ে তদন্তে করতে কমিটি গঠন করছে বলেও জানান তিনি।
শফিকুল আলম বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদে খুব দ্রুত লোকবল নিয়োগের সিদ্ধান্তও হয়েছে৷
প্রসঙ্গত: চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এর আগে ২০ থেকে ২৪ জানুয়ারিতে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনে যাচ্ছেন।
বিএইচ