
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন এক দেশে বসবাস করছি যে দেশ আভিধানিক অর্থে দুইবার স্বাধীনতা অর্জন করলেও সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ ভোগ করার সুযোগ হয়নি।
সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সত্যিকার স্বাধীনতার ভোগ করতে না পারার ৩টি কারণ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, প্রথমত গড়ার ভিশনের অভাব। একজন রাজনীতিবিদ চিন্তা করেন কিভাবে নির্বাচনে জিতবে। আর একজন সত্যিকারের স্টেটসম্যান চিন্তা করেন কিভাবে জাতি গড়বেন। এই গড়ার ভিশনের অভাব। দ্বিতীয় কারণ, নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়। তৃতীয় কারণ হলো, আমরা কোনো জায়গায় নিজেকে এ্যাকাউনটেবল মনে করি না। আমরা বিজয়ী হয়ে গেলে আমাদের কোনো পতন দেখি না। কারণ আমাদের সাথে থাকা সবাই হাত তালি দেয়। সব দেখে আমরা অতিমানব হয়ে যাই। এটা রাজনৈতিক পতন, এটা সভ্যতার পতন। এই তিনটি জায়গায় জাতি সংশোধন না হলে জাতি শক্ত হয়ে দাঁড়াতে পারবে বলে মনে করি না।
তিনি বলেন, আমাদের রাজনীতি সমাজ ও দেশের জন্য। সমাজ ও দেশের স্বার্থে কিছু জায়গায় আমাদেরতো একমত হতেই হবে। মতের ভিন্নতা থাকবে-এটি গণতন্ত্রের সৌন্দর্য।
জামায়াত আমীর বলেন, আমাদের মধ্যে মতের পার্থক্য হোক কিন্তু মতের বিরোধ না হোক। দুঃখের বিষয় আমরা মতের পার্থক্যের মধ্যে থাকি না, মতবিরোধে জড়িয়ে যাই। যার কারণে এতোবড় পরিবর্তনের পর আমরা শ্বাস নিতে পারছি। এর শুকরিয়া স্বরুপ যেভাবে রাজনৈতিক দলের মধ্যে দেশ গড়ার ব্যাপারে চিন্তার আদান প্রদানের কথা ছিলো সেটা আমরা রক্ষা করতে পারছি না।
তিনি বলেন, আমাদের কাছে যুবকদের অনেক প্রত্যাশা ছিলো। তারা আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে বিশাল এক কাজ করে দিয়েছে। এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের। তাদেরকে হতাশ করা ঠিক হবে না। যুবকদের বলবো, তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক ভয়-আতঙ্ক ছুড়ে দেওয়া হবে। এই জায়গায় যারা স্থির থাকতে পারবে, আশা করা যায় জাতিকে তারা ভালো কিছু দিতে পারবে। এখানে যারা হেরে যাবে তারা নিজেরা হেরে যাবে এবং জাতিকে হারিয়ে দেবে। যুবকরা যেন পথহারা না হয়-আমরা সেই দোয়া করি।
তিনি বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে আমানুল ইসলাম চাঁন বলেন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি আশা করে দেশের সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে দেশের রাজনীতিতে এমন একটা পরিবেশ ফিরিয়ে আনবো যাতে দেশের উন্নতি হয়।
অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন, এদেশ আমার, আপনার আর সবার। আমরা ব্যক্তি স্বার্থ ভুলে, ব্যক্তি সুবিধা ভুলে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি যেখানে সবাই নিরাপদ।
বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সেক্রেটারী মুহা. নিজামুল হক নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃ্ন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এএ