
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের দলের মধ্যেও মৌলবাদীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না বা হাসিনার লোকজনের হাতে ক্ষমতা তুলে দেয়ার জন্য না। প্রয়োজনে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার যুদ্ধ হবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
রোববার (২৩ মার্চ ) দুপুরে চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্র কে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে মানুষ হত্যা করার জন্য। চাটখিলসহ বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা করা হয়নি।তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে কি থাকবে না।
নির্বাচন প্রসঙ্গ এনে তিনি বলেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দলগুলো পার্লামেন্ট নির্বাচন চায়না তো আপনারা চানটা কি? আপনারা চান প্রফেসর ইউনুস সরকার শেখ হাসিনার মত বিনা ভোটে ক্ষমতায় থাকুক আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দিবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করা জন্য, সরকার গঠনের এর জন্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শ্রমিক দল, কৃষকদল ও গরীব জনগণের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।
চাটখিল পৌরসভা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এডভোকেট দেলোয়ার হোসেন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি'র সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এম জি