
নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করবে বিএনপি।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।
তিনি আরও বলেন, আমরা বলব যে, এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতিপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা সব কর্মকাণ্ড পরিচালনা করছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য আমরা তাকে (প্রধান উপদেষ্টা) আহ্বান জানাব।
এর আগে, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার কাছে সময় চায় বিএনপি। এর পরিপ্রেক্ষিতে এ সময় নির্ধারণ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
বিএইচ