দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পহেলা বৈশাখের দিনেও ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে। এদিন ২০১টি ট্রাকে ৮ হাজার ৪০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তবে দেশের হাওর অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় বুধবার (১৬ এপ্রিল) থেকে এই চাল আমদানির দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে।
এ বিষযে বন্দর সূত্রে জানা গেছে, শনিবার ভারতীয় ১৪৭ ট্রাকে ১৬১ মেট্রিক টন, রোববার ১৪৪ ট্রাকে ১৬০ মেট্রিক টন ও সোমবার ২০১টি ট্রাকে ১৮৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আজ মঙ্গলবার ৮৪ ট্রাকে ৩৬১৭ মেট্রিক টন চাল আমদানির কথা রয়েছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেইসঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয় চালের আমদানি শুল্ক। এরপর গত ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। ১৬ এপ্রিল চাল আমদানি বন্ধ হবে।
এদিকে হিলি স্থলবন্দর ও কাস্টমসের তথ্যমতে, গেলো বছরের ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি শুরু হয়। সোমবার (১৪ এপ্রিল) পর্যন্ত ভারতীয় ৬ হাজার ৪০০ ট্রাকে ২ লাখ ৬৭ হাজার ৮৫৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। হিলি দিয়ে ভারত থেকে বাসমতী ও নন বাসমতী দুই ধরনের চাল আমদানি হয়।
এনজে