
নির্বাচন ও ভোটাধিকারের কথা আসলে সরকার তৃতীয় পক্ষ দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, নির্বাচন ও ভোটাধিকারের কথা আসলে সরকার তৃতীয় পক্ষ দাঁড় করাচ্ছে। গণতন্ত্র মানেই নির্বাচন, ন্যায়বিচার। এ সময় নির্বাচন নিয়ে ডিসেম্বর ও জুন-জুলাইয়ের মধ্যে কেন ডামাডোল বাজানো হচ্ছে এমন প্রশ্ন রাখেন তিনি।
প্রশাসনের মধ্যে এখনো দোসরারা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা প্রশাসনকে ‘ডিক্টাট’ করছে। বাংলাদেশে যেন আর খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা না হয়, সেটাই সরকারকে দেখভাল করতে হবে।
রিজভী বলেন, ৮ মাসেও অন্তর্বর্তী সরকার বিএনপি নেতাদের মামলাগুলো প্রত্যাহার করেনি। এখনো বিএনপি নেতাকর্মীরা আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন। এ সময় দ্রব্যমূল্যসহ মানুষের বিভিন্ন অধিকার নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি।
এম জি