
ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য জুবায়ের পাটোয়ারি।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘ছয় দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণনয়ে আট সদস্যের কমিটি করা হয়েছে। তারা আমাদের কাছে তিন সপ্তাহ সময় চেয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও কমিটির ওপর আস্থা রেখে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলে, আমরা আবারও আন্দোলনে নামব।’
সচিবালয় থেকে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে সেই কমিটি গঠনের কার্যাবলি এবং পরবর্তী সব পদক্ষেপ পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। প্রয়োজনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
ক্লাস কার্যক্রম শুরু করতে শিক্ষার্থীরা ঘটনাবলি পর্যালোচনা করবেন এবং ক্রাফটম্যানদের প্রবেশ নিষিদ্ধ থাকছে। আদালতে যে রায়টি স্থগিত করা হয়েছে সেই পরিপূর্ণভাবে বাতিল চান তারা।
বিএইচ