
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি'র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর, ফারজানা লালারুখসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির সকলকে একত্রিত থাকার অনুরোধ জানান।
এছাড়া দেশের পুঁজিবাজার ও অর্থনীতি তথা জাতীয় স্বার্থ বিবেচনায় দেশের গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা হিসেবে বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সাথে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন খন্দকার রাশেদ মাকসুদ।
নিষ্ঠা-সততার সাথে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে সকলের সহযোগিতায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন বিএসইসি'র চেয়ারম্যান।
সভায় কমিশনের চেয়ারম্যান-কমিশনারগণ পূর্বের সকল ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান এবং বিএসইসি'র বিভিন্ন বিষয়ের সুরাহার আশ্বাস দেন।
চেয়ারম্যান-কমিশনারগণের আহ্বানে সাড়া দিয়ে বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সাথে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএইচ