
দেশের শিল্প সুরক্ষায় কাচ তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে পুরোপুরি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (৭ মে) এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এনবিআর জানায়, এ খাতের শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে। এসব পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
এতে বলা হয়- কাচ তৈরির উপাদান ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট বেক পেইন্ট ও সিলিকন রিংয়ে থাকা সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ সুবিধা পেতে স্থানীয় কাঁচ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান হতে হবে এবং আমদানিকারকদের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে বছরে প্রায় পাঁচ লাখ টনের বেশি কাচ উৎপাদন হয়। বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় আট মিলিয়ন ডলার সমমূল্যের কাচ রপ্তানি হয় যা ২০০৫ সাল থেকে ক্রমান্বয়ে বাড়ছে।
তবে কাচ আমদানিকারকদের দাবি, এসব সুযোগ-সুবিধা দেওয়ার কোনো প্রভাব বাজারে পড়বে না।
বিএইচ