শনিবার, ১৮ জুলাই ২০২৬
পাবনায় পুলিশের সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশিত - জানুয়ারী ২৯, ২০১৭ ১০:৪৭ এএম

[caption id="attachment_35500" align="alignright" width="513"]
নমুনা ছবি[/caption]
পাবনার আটঘরিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শরীফ হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতির বিল নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত শরীফ হোসেন সম্প্রতি পুলিশকে গুলি করার মামলার পলাতক আসামি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সরকার জানান, আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করা মামলার পলাতক আসামিরা উপজেলার একদন্ত ইউনিয়নের সুতির বিল ছোট ব্রিজ এলাকা দিয়ে যাবে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় পুলিশের একটি টহল দল। রাত ৩টার দিকে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একটি রাম দা, একটি চাপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এএসআই নান্নু হোসেনসহ দুই পুলিশ কনষ্টেবল আব্দুল কুদ্দুস, রেজাউল করিম আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গত ২৬ জানুয়ারি সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের সন্ত্রাসীদের গুলিতে আহত হন আটঘরিয়া থানার এস আই মনির হোসেন ও তোফাজ্জল হোসেন। এ ঘটনায় আলাদা দুইটি মামলা দায়ের করে পুলিশ।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.