
বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা এ বাংলাদেশে দুঃশাসন দুর্নীতি ও ফ্যাসিবাদ তৈরি করেছিল, গুম খুন ও গণহত্যা করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, ধারাবাহিকভাবে ৯৬ ও বিগত ১৬/১৭ বছর হাসিনা এবং আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে তার বিচারও নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আইন ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। সেইসাথে বিচার খুব দ্রুত করতে সরকারের প্রতি আহ্বান জানান এ্যানি।
তিনি আরও বলেন, ঘুরে ফিরে সরকার বিএনপি ও গণমানুষের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে এ জন্য আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ।
রোববার (১১ মে) সকালে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়ায় দলীয় ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন এ্যানি। শাহবাগে আন্দোলন ও গত কয়েকদিনের আলোচনা নিয়ে বিএনপি’র এ নেতা আরও বলেন, এ সরকার আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগটি আরও আগেই নেয়া উচিৎ ছিল। সেটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে টেবিল বৈঠকের মাধ্যমে মতামতের ভিত্তিতে হতে পারতো।
বিচার প্রক্রিয়া ও সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনমুখী হওয়ার দাবি জানিয়ে এ্যানি বলেন, বিএনপি গণ মানুষের দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাসন ব্যবস্থার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার আপোষহীন সংসদীয় গণতান্ত্রিক দল হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নেতা নির্বাচন হচ্ছে ভোটের মাধ্যমে। দলকে সুসংগঠিত করা আর গণতান্ত্রিক চর্চায় হাঁটছে বিএনপি।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জজ কোর্টের পিপি আহমেদ ফেরদৌস মানিক, জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল আলম শ্যামল প্রমুখ।
এম জি