মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড়ের ও মুরগির দোকানের তিনটি গলিতে।
এতে বাজারের কাপড়, মুদি দোকান ও মুরগির কমপক্ষে ৫০টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। তবে এই আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শুরুতে আগুন নির্বাপণে কাজ শুরু করে। পরে আশেপাশের উপজেলা থেকে আরও চারটি ইউনিট এসে কাজে যোগ দেয়। ছয়টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আগুনে পুড়ে ছাই হয় কমপক্ষে ৫০টি দোকান।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বলে জানিয়েছেন তিনি।
এনজে