বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) আজ শনিবার বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থানের উন্নতি হয়েছে অর্থাৎ সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। সকাল সাড়ে ৮টায় ৮৯ স্কোর নিয়ে তালিকায় ১৭ নম্বরে ঢাকার অবস্থান।
তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানে লাহোর, যার স্কোর হচ্ছে ১৯৮, অর্থাৎ এই শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি, ১৫৬ স্কোরে এই শহরটির বাতাসের মানও অস্বাস্থ্যকর।
এ ছাড়া একই স্কোর (১৫৪) নিয়ে তৃতীয়ও চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো ও চীনের চেংডু শহর। এই শহর দুটির বায়ুও অস্বাস্থ্যকর।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৪৯ স্কোরে এই শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে