দেশের সকল সরকারি অফিস, আদালতের কার্যক্রম আজ শনিবার নির্বাহী আদেশে চালু থাকলেও টানা তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। এই কলম বিরতি সকাল ১০টা থেকে শুরু হয়, চলবে বিকেল ৩টা পর্যন্ত।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ দিনের কর্মসূচি শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ।
অংশীজনদের মতামত উপেক্ষা করে জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত তিন দিনের কলম বিরতি চলমান।
এ বিষয়ে এনবিআরের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, সাধারণত শনিবারে কাস্টমস ছাড়া এনবিআরের ট্যাক্স ও ভ্যাটের কার্যক্রম সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। তবে নির্বাহী আদেশে সব অফিস খোলা থাকায় আমাদের কার্যক্রম চলার কথা ছিল। কিন্তু, যৌক্তিক দাবি আদায়ে আমাদের ঘোষণা অনুযায়ী কলম বিরতি চলছে। তাই এনবিআরের সব কার্যক্রম এই সময়ে বন্ধ থাকবে।
তবে ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী তিন ধরনের কার্যক্রম চালু রাখা হয়েছে। এগুলো হলো—আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট ও রপ্তানি সংক্রান্ত কার্যক্রম।
গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন।
এদিকে গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রণীত দাবিগুলো হলো— প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা; পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক অংশীজনদের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।
এনজে