
আগামীকাল রোববারও ৬ ঘন্টা কলমবিরতি পালন করবেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। টানা চারদিনের কলমবিরতিতে এনবিআরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে ।
রোববার (১৮ মে) বেলা ১২ টায় পরবর্তী কর্মসূচী নিয়ে সংবাদ সম্মেলন করবেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ দিকে বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশন এবং বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট এসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানটিতে কর্মরতদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদের পক্ষে এ ঘোষণা দেন উপ-কর কমিশনার নিপুন চাকমা।
উপ-কর কমিশনার নিপুন চাকমা বলেন ,আমাদের পরবর্তী কর্মসূচি হলো আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘন্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। আগামীকালের প্রেস ব্রিফিং দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। উক্ত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন , সরকারের সাথে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় সরকার আমাদের সাথে আলোচনার জন্য বসবেন।
উপকর কমিশনার আসাদুজ্জান অ্যাসোসিয়েশনকে বিলুপ্তের বিষয়ে তিনি বলেন, সাধারণ সদস্যগণের মতামতের ভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশন এর অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট এসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সকল সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং, এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাগণের প্রতিনিধিত্ব করে না। এমতাবস্থায়, বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যেকোনো বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।
তিনি বলেন, আমরা সংস্কারের পক্ষে। এই বিষয়ে তিনি বলেন , আমরা সংস্কার চাই। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক হোক, এ বিষয়েও আমরা একমত, এ বিষয়ে আমাদের কোনো বিরোধ নেই। তবে, এই সংস্কার হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে সংস্কার চাই।
বিএইচ