
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিএসইসির দায়িত্ব প্রাপ্ত ড. অনিসুজ্জামানের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ চেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত বৈঠকে এ দাবি জানান তারা।
এসময় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মো. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
বৈঠকে বিনিয়োগকারীরা বলেন, মাকসুদ শেয়ারবাজার বুঝেন না। এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথা না। এই কথা এখন বিএসইসির সাবেক স্বনামধন্য চেয়ারম্যানসহ স্টেকহোল্ডারদের। তাই মাকসুদের অপসারণ করা উচিত।
বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের নেতারা বলেন, পুঁজিবাজারে প্রতিদিন যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে শেয়ারবাজার নামের খাতটি মাটির সাথে মিশে যাবে। এ খাতের সংশ্লিষ্টরা নিঃস্ব হয়ে যাবেন। শেয়ারবাজারের সাথে জড়িত মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোও অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এভাবে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছেন অনেকে।
পুঁজিবাজারে গত নয় মাস ধরে দরপতন চলছে। বিএসইসি চেয়ারম্যানের ব্যর্থতায় পুঁজিবাজারে অচলাবস্থা সৃষ্টি হয়েছে দাবি করে রাশেদ মাকসুদের অপসারণ দাবি করে আসছিল সাধারণ বিনিয়োগকারীরা। এর আগে রাশেদ মাকসুদের অপসারণ চেয়ে কাফনের কাপড় পরে মিছিল ও কফিন মিছিলও করেন তারা।
বিএইচ