
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকার বর্ণবাদীদের মতো বৈষম্য সৃষ্টি করছে। একই সঙ্গে রাজনৈতিক বৈষম্যও সৃষ্টি করছে সরকার। এভাবে বৈষম্য বৃদ্ধি করলে এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় জিএম কাদের বলেন, জাতীয় পার্টির নিবন্ধন থাকা সত্ত্বেও এই সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চায় না। ফ্যাসিষ্ট দোসর হিসেবে চিহ্নিত করে বর্তমানে জাতীয় পার্টিকে বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছে। নিজে দল তৈরি করে রাজনৈতিক সব ক্ষেত্রে সুবিধা নিচ্ছেন। বর্তমানে বৈষম্য দূর করার কথা বলে আরও বেশি বৈষম্য হচ্ছে। এভাবে চললে কোন কিছুই সুষ্ঠুভাবে চলবে না। নির্বাচনও সুষ্ঠু হবে না।
বিগত নির্বাচন সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনে আমরা যেতে চাইনি। কিন্তু আমাদের যেতে বাধ্য করা হয়েছে। বর্তমানে আমাদের মিছিল-মিটিং করতে দেয়া হচ্ছে না। বাধার কারণে আমরা কাউন্সিল করতে পারছি না। আমাদের নেতাকর্মীদের বিনা কারণে জেলে নিচ্ছে। বিনা বিচার ও চার্জশিটে নেতাকর্মীরা মাসের পর মাস জেল খাটছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব আন্দোলনে জনগণের পক্ষে ছিল। শাপলা চত্বরের আন্দোলনে আমরা সরাসরি হেফাজতকে সমর্থন দিয়েছিলাম। হেফাজতের মানুষকে পানি খাইয়েছি। এছাড়া, চব্বিশের ছাত্র আন্দোলনেও আমাদের সর্বাত্মক সহযোগিতা ছিল।
অন্তর্বর্তী সরকার নিজস্ব দল গঠন করছে বলে অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ আরও সংকটে পড়বে।
এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, আজমল হোসেন লেবু, জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম উপস্থিত ছিলেন।
এম জি