
রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।
এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একপর্যায়ে মিছিলটি প্রেস ক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়।
এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই। কোনো কারণ ছাড়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা আজকে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএইচ