
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ জুন) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় তার মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপুরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও রাজধানীর কদমতলী থানা পুলিশ জানায়, গত বছর জুলাই মাসে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ দিকে, বিকেলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া গ্রেফতার হয়েছেন। তা আমরা জানতে পেরেছি।
তিনি বলেন, এরমধ্যে তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে। তাও জানতে পেরেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, চাঁদপুর সদর ও হাইমচর আসনের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বিরোধ থাকায় রাজনীতি থেকে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া। যেকারণে গত ১০ মাসেও চাঁদপুরে তার বিরুদ্ধে কোনো মামলায় সরাসরি আসামি করা হয়নি।
বিএইচ