ফরিদপুরের ভাঙ্গায় চমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৬টার দিকে এলাকায় এ দুর্ঘটনা হয়।
এ তথ্য জানিয়েছেন, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাটগামী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এতে ৬ জন যাত্রী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম জানান, দুর্ঘটনায় মোট পাঁচ জন নিহত হন। হাসপাতালে আহত অবস্থায় মোট পাঁচজন রোগী ভর্তি হন। এর মধ্যে একজন ভর্তি আছেন। বাকি চারজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এনজে