বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম। স্কোর ১৪৩। রাজধানীর এই বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’। তালিকায় প্রথম ভারতের দিল্লি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডের শহর আমস্টারডাম।
আজ মঙ্গলবার সকাল ৬টায় সুইজারল্যান্ডভিত্তিক সংস্থাটির সূচক এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ১৭৬, দ্বিতীয় স্থানে থাকা আমস্টারডামের স্কোর ১৫৮। দুটির শহরের বাতাসই অস্বাস্থ্যকর বলে বিবেচিত। তালিকায় ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। চতুর্থ স্থানে আছে চিলির সান্টিয়াগো, শহরটির বাতাসের মানের স্কোর ১৫১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এনজে