
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে এই দেশ এবং দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে বিএনপির বিকল্প নেই। আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের জনগণের সঙ্গে আছে বিএনপির সম্পর্ক।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শর্মা হাউজে কৃষিবিদদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দেশকে টিকিয়ে রাখতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নাই। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না।
টুকু বলেন, খুনি হাসিনা ছাত্র জনতাকে হত্যা করেছে, বিএনপির অসংখ্য নেতাদের খুন করেছে, গুম করেছে। একটি দল কিছুদিন আগে জাতির কাছে ক্ষমা চেয়েছে। যুদ্ধাপরাধী হিসেবে মানুষ বলে তাদের। স্বাধীনতার সময় তারা দেশের বিপক্ষ অবস্থান নিয়েছে। আর জাতীয় পার্টিতো নিজেই স্বৈরাচার। যেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারের পতন গঠিয়েছে।
বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশনের ভারপ্রাপ্ত আহবায়ক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ আরও অনেকেই।
বিএইচ