
জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ও আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ২য় দিনে বুধবার (২ জুলাই) চট্টগ্রাম নিউ মার্কেট, রেল স্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাগপা সহ-সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে হাসিনাপুত্র জয় জুলাই দাঙ্গা এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। জুলাইকে ধোঁকা, চক্রান্তের অধ্যায় ও মিথ্যা বলেছে গণহত্যাকারী আওয়ামী লীগ।
রাশেদ প্রধান বলেন, সোশ্যাল মিডিয়ায় জুলাইকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছে নিষিদ্ধ আওয়ামী সমর্থকেরা। অপরাজনীতির অশুভ শক্তি আওয়ামী লীগ নিজের দোষ স্বীকার না করে, হাজারো শহিদের রক্ত, অর্ধলক্ষ আহত যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানকে তাদের অপপ্রচারের মাধ্যমে অপমান করেছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে মনে রাখতে হবে বাংলার মাটিতে আগস্টের ৫ তারিখ তাদের কবর রচিত হয়েছে। বিদেশের মাটিতে বসে দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে আওয়ামী অপরাজনীতি আমরা আর মেনে নেব না। আপনাদের প্রভু হিন্দুস্তানের আধিপত্যবাদ আর চলবে না।
গণসংযোগে শেষে পথসভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এ এম এম আনাছ, মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।
উল্লেখ্য, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।
বিএইচ