
পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন সফল ও কার্যকর করতে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকায় চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'এ সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড ইন ফ্লাড প্রিপেয়ার্ডনেসঃ দ্যা অফিসিয়াল লঞ্চ অফ দ্যা ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার'স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার একটা উপায় হচ্ছে সতর্কবার্তাগুলো দেয়ার ক্ষেত্রে এক্সিলেন্স গড়ে তোলা।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস আরও বেশি স্মার্ট করেত হলে, আমাদের সরকারকে অর্থ, মেধা ও শ্রম সবই বিনিয়োগ করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। কারণ আপনি যদি সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি রাখতে চান, তাহলে এখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। দুর্যোগ প্রস্তুতিটাকে সত্যিকার অর্থেই শক্তিশালী করতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজন সক্ষমতা বাড়াতে হলে ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে সঠিক তথ্য দেয়ার মত জাতীয় কাজগুলোকে আরও বেশি কার্যকর ও বিস্তৃত করতে হবে। যেমন- নদী ভাঙ্গনের বিষয়গুলোকেও ওয়েবসাইটের মাধ্যমে পূর্বাভাস দেয়ার বিষয়টি নিয়ে আসার বিকল্প নেই।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, আবহাওয়ার পূর্বাভাস দেয়ার পাশাপাশি নদী ভাঙ্গনের ক্ষেত্রেও আমাদেরকে আগাম বার্তা দিতে হবে, যাতে মানুষ সতর্ক হতে পারে। নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমাদেরকে আরও স্মার্টলি বলতে হবে। কোন কোন জায়গাতে এই মৌসুমে আমরা নদী ভাঙ্গনে পড়ছি। আমাদের আগে থেকে জানতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কোন কোন নদীতে ভাঙ্গন বাড়তে পারে, এক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউটকে কাজ করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের জরুরি কাজগুলো নিয়ে যারা ডিল করেন, তাদের হাতে বর্ষা মৌসুমের আগেই একটা ম্যাপ থাকা উচিত, যাতে তারা বলতে পারেন এই বছর কোন কোন স্থানগুলোতে নদী ভাঙ্গন হতে পারে।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা রিজওয়ানা হাসান ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার'স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম Gi ffwc.gov.bd নামের ওয়েবসাইট এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার'স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট ffwc.gov.bd এর উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিজিওনাল ইন্ট্রিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (রাইমস- বাংলাদেশ) এর কান্টি আইটি-লিড নাজমুল আহসান শাওন ও রাইমস এর আইটি এক্সপার্ট সজীব হাসান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএইচ