
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ডিএমপি সদরদপ্তরে জামায়াতের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা ইস্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সভা শেষে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।
এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই বৈঠকে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলাওয়ার হোসেন, মো. কামাল হোসেন এবং আবদুস সাত্তার সুমন।
বৈঠকে ডিএমপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহিদুল্লাহ। এছাড়া পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, জাতীয় সমাবেশ ঘিরে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দূরদূরান্ত থেকে আগত গাড়ির পার্কিং ও চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে।
জানা গেছে, ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মীর ঢাকায় আগমনের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিএইচ