
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও সন্ত্রাসীরা গোপালগঞ্জে ঘাঁটি গেড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রংপুর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
রিজওয়ান হাসান বলেন, প্রথমত এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবশ্যই এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে প্রধান উপদেষ্টাও নিন্দা জানিয়েছেন এবং পুলিশ ও সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, শুধু এনসিপি নয়, যেকোনো দলের ওপর যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, এতবড় একটা গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির যতটা অবনতির আশঙ্কা করা হয়েছিল তা হয়নি। সারা দেশে সার্বিকভাবে স্থিতিশীলতা বিরাজ করছে। এনসিপি বেশ কয়েকটি জেলায় তাদের কার্যক্রম চালিয়েছে। কিন্তু এমন ঘটনা কোথাও ঘটেনি।
রিজওয়ানা হাসান বলেন, যারাই এই অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অবশ্যই উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
আগেও আওয়ামী লীগ গোপালগঞ্জে সেনাবাহিনীকে অবরুদ্ধ করে নৈরাজ্যের অপচেষ্টা চালিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আসলে আওয়ামী লীগ এখনো প্রশাসনের সর্বস্তরে রয়ে গেছে। গোপালগঞ্জে সন্ত্রাসীরা ঘাঁটি গেড়েছে। এদের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। বিচার কার্যক্রমও শুরু হয়েছে। দ্রুত আমরা বিচার সম্পন্ন দেখব।
জুলাই সনদ সম্পর্কে পরিবেশ উপদেষ্টা বলেন, জুলাই সনদ আমাদেরই বেশি প্রয়োজন। কারণ আমরা থাকবো না। এটা মূলত রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। সনদের অনেকগুলো বিষয় রয়েছে। এ ব্যাপারে দলগুলোকে ডেকে মতামত নেয়া হয়েছে। সবার মতামত একত্রে নিয়ে আমরা খসড়া তৈরির চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব এটা করা হবে।
বিএইচ