
স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করতে চালু হওয়া “ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ” প্রোগ্রামে আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাংবাদিকদের অনুরোধের প্রেক্ষিতে আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়িয়েছে সংস্থাটি। গত ১৬ জুন শুরু হয়ে ১৭ জুলাই পর্যন্ত এই প্রোগ্রামের আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল।
তবে বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রোগ্রামে সময় বাড়ানোর কথা জানায় বিএসইসি।
পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ বছরের জানুয়ারীতে সাংবাদিকদের অ্যাওয়ার্ডস এবং ফেলোশিপ দেওয়ার ঘোষণা দেয় বিএসইসি। পরে ১৬ জুন থেকে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন আহ্বান করা হয়।
সেসময় বিএসইসি জানায়, প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন এই তিন ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির জন্য ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ ও একটি ক্রেস্ট এবং অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট প্রদানের ঘোষণা দেওয়া হয়।
এছাড়াও বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপের আওতায় ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ ও ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ ঘোষণা করা হয়।
বিএইচ