
ছাত্রসংগঠনগুলোর মাঝে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় ‘৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠিত হয়। এ সময় এ আহ্বান জানান তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা বাংলাদেশের জন্য গর্বের হতে হবে। এজন্য সকল ছাত্রসংগঠনের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনসমূহের উচিত, বিশ্ববিদ্যালয় নিয়ে যৌক্তিক সমালোচনা করা। শিক্ষার্থীদের দুঃশাসন ভাঙার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন ও মেহের আফরোজ শাঁওলী।
আয়োজিত এ অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন হলের প্রভোস্টরা বক্তব্য রাখেন।
তাছাড়া, আয়োজনে সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সমবেত কণ্ঠে গণসংগীত পরিবেশন করা হয়।
বিএইচ