
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালে বৃহত্তম সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (১৯ জুলাই) ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়তেই সেই ভিড় ছাপিয়ে যায় পাশ্বর্বতী রমনা পার্কেও।
দেখা যায়, অসংখ্য নেতাকর্মী রমনা পার্কে ভিড় করেছেন। নেতাকর্মীদের ঢলের কারণে রমনা পার্কের প্রবেশ গেইটগুলো দিয়ে ঢুকতে ও বের হতে হিমশিম খেতে হচ্ছে। নেতাকর্মীরা রমনা পার্কের ভেতরে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। কেউ কেউ ঘুরে দেখছেন পার্কের সৌন্দর্য্য। কেউ কেউ পার্কের ভেতরেই সেরে নিচ্ছেন দুপুরের খাবার, কেউবা লেকের পানিতে নেমে জুড়িয়ে নিচ্ছেন শরীর।
নেতাকর্মীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভর্তি। তাই সেখানে ঢুকতে না পেরে রমনা পার্কে অবস্থান নিয়েছেন তারা।
বরিশাল থেকে আসা মো. সাইফুল্লাহ বলেন, রাতে লঞ্চে প্রায় ৩ হাজার নেতাকর্মীর সাথে মেহেন্দীগঞ্জ থেকে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে পারিনি। তাই রমনা পার্ক এসে বসেছি।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ইব্রাহিম ইদ্রিস বলেন, ভোরে রওনা দিয়ে সকাল ৯টায় ঢাকায় এসেছি। সমাবেশে অনেক মানুষ। গরমের৷ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকিনি। রমনা পার্কে অন্যদের সঙ্গে বসে আছি। সমাবেশ শুরু হলে ভেতরে যাবো।
বিএইচ