
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ার দর বেড়েই চলেছে। শেয়ার দরের এই বৃদ্ধি অস্বাভাবিক মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাই এর কারন জানতে চেয়ে বুধবার কোম্পানি বরাবর চিঠি দিয়েছে ডিএসই। তবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ার দর বাড়ছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর বিশ্লেষণ করে দেখা যায়, গত ২ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ১০ পয়সা। আর বুধবার বাজার শেষে কোম্পানিটির শেয়ারদর ১৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৭২ দশমিক ২৮ শতাংশ। এভাবে শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।
কোম্পানিটি ২০১৮ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে। ১৯৯৭ সালে তালিকাভুক্ত জেড শ্রেণীর এই কোম্পানির প্রায় ৪৫ শতাংশ শেয়ার পরিচালকদের হাতে ও ৩২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। এছাড়াও প্রায় ৮ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারীদের ও ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের।
বিএইচ