অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে সাবেক সচিব এ.বি.এম. আবদুস সাত্তারের মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। সংগঠন বলেছে, এই মন্তব্য তারা সমর্থন করে না।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব সাত্তার বক্তব্য দেন। একপর্যায়ে তিনি অন্তবর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টাকে নিয়ে মতামত প্রকাশ করেন।
রোববার (১০ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশন জানায়, উক্ত মন্তব্য সম্পূর্ণই তার ব্যক্তিগত মতামত। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এ বক্তব্য কোনোভাবেই সমর্থন করে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অ্যাসোসিয়েশনের সদস্যরা পূর্ণ আস্থা নিয়ে সরকারের সব কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সংগঠনের মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সভাপতি মো. নজরুল ইসলাম যৌথভাবে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বক্তব্য জানানো হয়।
এম জি