
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সেইসাথে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিতকরণ এবং মিউচুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষসমূহ তথা: ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য বিবেচনায় নিয়ে মিউচুয়াল ফান্ড নিয়ে খসড়া বিধিমালাটি করা হয়েছে। খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে বিএসইসির পক্ষ থেকে।
বিএইচ