যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণকারিগরসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে ও মঙ্গলবার রাত ১০টার দিকে আট ঘন্টার ব্যবধানে যশোর-চুকনগর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান। নিহতরা হলেন-উপজেলার আলতাপোল গ্রামের স্বর্ণকারিগর জয়দেব সরকার (৫০) ও মধ্যকুল মাঝেরপাড়া এলাকার পথচারী বৃদ্ধ আবুল কাশেম (৭৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক চুকনগর থেকে যশোরের উদ্দেশ্যে যাওয়ার পথে উপজেলার মধ্যকুল এলাকায় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধ আবুল কাশেমকে ওই ট্রাকটি পেছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকটি সড়কের পাশে হেলে আটকে পড়ে।
অপরদিকে, মঙ্গলবার রাত ১০টার দিকে স্বর্ণকারিগর জয়দেব সরকার কাজ শেষে কেশবপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে যশোর-চুকনগর সড়কের উপজেলার আলতাপোল বুঝতলা নামক স্থানে পৌঁছাইলে পেছন দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দেয় এবং ওই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেব সরকারের বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খুলনার লবনচরা থানার আমতলা গ্রামের শাওন হোসেন (২৭) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত স্বর্ণকারিগর জয়দেব সরকার কেশবপুর শহরের প্রাইম জুয়ালার্সে কাজ করতেন।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিম বলেন, মাত্র আট ঘন্টার ব্যবধানে মধ্যকুল ও আলতাপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় ওই দুই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চানু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ব্যক্তির মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মধ্যকুল এলাকা থেকে ওই ট্রাকটি জব্দ করা হয়েছে।
এনজে